ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ।
তিনি আজ মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এর একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম,কন্ঠ শিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স¦ার্থেই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এখন প্রতিটি গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। সংবাদ পরিবেশনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। তিনি অনুষ্ঠান নির্মাণে গণমানুষের চিন্তা-চেতনা ও আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠানমালা নির্মাণের পাশাপাশি গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ যা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ভূমিকা রাখে।
মিতু/বিবি নিউজ/৭৬৬
