
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণখানের জঙ্গি অস্তানায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে। ঢামেক চিকিৎসকেরা অক্সিজেন মাস্ক খোলার পর শিশুটি জানায় তার নাম সাবিনা, বাবা ইকবাল আর মা শাকিরা। এরপর তাকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। শনিবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার (আইএমও) ডা. মোশতাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির বুকের চামড়ার ওপর একটু আঘাত আছে। তার বাম হাত ভাঙা। তবে পেটের আঘাত গুরুতর। পেটে স্প্লিন্টার ঢুকে তার খাদ্যনালীর কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে। তিন আরো বলেন, আমরা জায়গাগুলো রিপেয়ার করেছি। এখন তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে তার জ্ঞান ফিরতে শুরু করেছে। শনিবার রাজধানীর দক্ষিণখানে জঙ্গি অস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হয় শিশুটি। পরে শিশুটিকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
মিতু/বিবি নিউজ/৭০৬
