ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হিলারি ক্লিনটনকে আর কষ্ট দিতে চান না।
‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন’ এমন নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পুরোপুরি উল্টো পথে যাবার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওরকম কিছু করলে বরং মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।
ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প এর থেকে আরো জরুরি বিষয়ে মনোনিবেশ করছেন। তিনি আরো বলছেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যে হিলারি ক্লিনটনকে বিশ্বাসযোগ্য বলে মনে করেনি সেই সত্যের মুখোমুখি তাকে হতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় বার্তা আদান প্রদান করেছেন বলে অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সে জন্যে তাকে জেলে পাঠাবেন বলে যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের দিয়েছিলেন তা থেকে পুরো উল্টো পথে হাটার সিদ্ধান্তে তার সমর্থকরা অবশ্য রীতিমতো চটেছেন। এমনকি তাকে রীতিমতো ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়ে ফেলেছেন কেউ কেউ।
নির্বাচনের সময় কঠোরভাবে প্রচারণা চালিয়েছেন এরকম আরো বিশ ক’টি ইস্যুতেও ভিন্ন সুরে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। যেমন-জলবায়ু পরিবর্তনকে প্রচারণার সময় আষাঢ়ে গল্প বলে আখ্যা দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন বিষয়টি তিনি খোলা মনে দেখতে চান।
এদিকে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের সমর্থন নিয়েছেন এমন অভিযোগের জবাবে ট্রাম্প বলেছেন, এরকম কোনো গোষ্ঠীকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তার নেই।
মিতুি/বিবি নিউজ/৩২৪
