বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময়সীমার কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, অনিবন্ধিত সিমগুলো দুইমাস বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘পুন:নির্ধারিত সময়সীমা অনুসারে বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোবাইল সিম নিবন্ধন করা যাবে এবং এরপর অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।’
আজ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর কোস্পানীর প্রতিনিধি ও মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান।
‘এসব সিম দুই মাসের মধ্যে সংগ্রহ বা কেনার কোন সুযোগ দেওয়া হবে না’ একথা উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘দুইমাস পরে ব্যবহারকারিরা আবার সিমগুলো কিনতে পারবে’।
প্রবাসী বা বিদেশে অবস্থানরতদের জন্য সিম কেনার এই সময়সীমা হবে মোট ১৮ মাস। এর মধ্যে তারা পাসপোর্টে দেশে আগমনের সীল দেখিয়ে ওইসব সিম কিনতে পারবেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। যদিও দেশে মোট মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ৮ লাখ।
