জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মো. নূরুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মো. নূরুল ইসলাম। শনিবার বিকালে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
বিকালে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলনে আমরা একতাবদ্ধ ছিলাম। আমাদের প্রতিজ্ঞা ছিল অন্যায়কে প্রতিহত করতে হবে এবং আমরা সফল হয়েছি। আমি স্পষ্ট করে বলতে চাই, কথা এবং কাজে মিল রাখতে হবে তবেই প্রশাসন গতিশীল হবে।”
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় সকল অংশীজনের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন,
“আমার প্রশাসন হবে সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক। সবাইকে নিয়ে একসাথে কাজ করব। এই ক্যাম্পাসে নিয়ম-নীতি ও ন্যায্যতা অনুসরণ করাই হবে আমার মূল দর্শন। শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে আমি সবার গঠনমূলক সমালোচনা ও সুপরামর্শ প্রত্যাশা করছি।”
যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি দৃঢ় কন্ঠে ঘোষণা করেন যে, সবার সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ র‌্যাগিং ও মাদকমুক্ত করা হবে।
উপাচার্য ড. মো. নূরুল ইসলাম আরও বলেন,
“আমাদের যে কাঠামো রয়েছে, শিক্ষার্থীদের নিয়ে একটি মডেল কাঠামো গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই ক্যাম্পাসকে মাদকমুক্ত করা হবে। এছাড়া, শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার হালনাগাদ করে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা যথাসময়ে তাদের ক্লাস ও পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে। সরকারেরও এই বিশ্ববিদ্যালয়ের প্রতি ইতিবাচক ধারণা রয়েছে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রধান প্রধান সমস্যাগুলো সমাধান করব।”
জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব এবং আধুনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়তে নতুন উপাচার্যের এই যুগোপযোগী ঘোষণা ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
নবনিযুক্ত উপাচার্য ড. মোঃ নূরুল ইসলাম আজ রবিার সকালে জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং এর পর পর দুপুরে তিনি ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

Related posts

Leave a Comment