শেখ বাশার,১৮ জুন, ২০২৬(বিবিনিউজ):দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি লাঘবে চালু হলো বাস সার্ভিস। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ দুটি দ্বিতল বাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছে।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বাস সার্ভিসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের অঙ্গীকার নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন এই বাস সার্ভিসে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসে ছাত্রী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে অগ্রাধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলকারী এই বাস সার্ভিসটি কেবল যাতায়াত ব্যবস্থার উন্নয়নই করবে না বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতেও সহায়ক হবে। এই কলেজটি প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক এমপি মরহুম আলহাজ¦ জামাল উদ্দিন আহম্মেদ ।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের জন্য পরিবহনের এই নতুন সংযোজন কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তাদের যাতায়াতকে করবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। দীর্ঘ প্রতীক্ষিত এই উদ্যোগ বাস্তবায়নে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
