মানিকগঞ্জের পিকআপচাপায় শিক্ষিকাসহ নিহত ২

২১ মার্চ ২০২২(বিবিনিউজ ) : মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে ঠিকাদারী কাজের গাড়ী চাপায় এক শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার।

স্থানীয়রা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। এতে শিক্ষিকা ফাতেমাসহ আরো ৪/৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

এসময় স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্কুল অভ্যন্তরে দুর্ঘটনার পরে চালক পালিয়ে যায়। গাড়িটি স্টার্ট দেওয়ার সময় সম্ভবত গিয়ারে দেওয়া ছিল। এতে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি। এবিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related posts

Leave a Comment