শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি

২০ মার্চ ২০২২(বিবিনিউজ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় অন্তত ৩০ যাত্রীসহ এমএল আশরাফউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন জয়নাল আবেদিন নামের একজনের লাশ উদ্ধার করেছেন। আজ রোববার বেলা দুইটার দিকে শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মো. আবু তাহের বলেন, রূপসী-৯ নামের কার্গোটি তাঁদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে অন্তত ৪০ যাত্রী ছিল বলে তিনি ধারণা করছেন।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, বেলা দুইটার দিকে টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো। এতে লঞ্চটি ডুবে যায়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান প্র বলেন, মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের রূপসী-৯ কার্গো ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। ঘটনাস্থলে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধারকাজ শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে বলে তিনি জানান।

Related posts

Leave a Comment