দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি রেসকিউ বোট সরবরাহ করবে বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড

২১ জুলাই,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি মাল্টিপারপাস অ্যাক্সিসিবল রেসকিউ বোট সরবরাহ করবে। প্রতি বছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করবে তারা। প্রতিটি বোট নির্মাণেখরচ হবে ৪৫ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রেসকিউ বোটসমূহ বন্যা কবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের কাজে ব্যবহার করা হবে। নারী, শিশু এবং প্রতিবন্ধীদের রেসকিউ বোটের মাধ্যমে নিরাপদে উদ্ধার ও স্থানান্তর কাজ পরিচালনায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বোটে একটি ফার্স্ট এইড বক্স, একটি হুইল চেয়ার, একটি স্ট্রেচার, একটি ওয়াকিং ফ্রেম, দু’টি আলাদা টয়লেট যার একটি সবার জন্য উন্মুক্ত এবং অন্য একটি সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবহার করা যাবে। প্রতিটি বোটে ৮০ জন যাত্রী ছাড়াও গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বহন করা যাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং মন্ত্রণালয়ের সচিব মো: মহসীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তিপত্রে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক আতিকুল হক এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমোডোর আকতার হোসেন স্বাক্ষর করেন।

Related posts

Leave a Comment