স্বাধীনতাবিরোধীদের জাতি বয়কট করেছে : সমাজকল্যাণ মন্ত্রী

১৮ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যাচার করে সফল হতে পারেনি, জাতি এদের বয়কট করেছে।
তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। মিথ্যাচার করে সফল হওয়া যায় না। মিথ্যাচার তাদের অভ্যাস, জাতি তাদের আসল রূপ চিনে ফেলেছে। মিথ্যাচারীদের জনগণ বয়কট করেছে।’
মন্ত্রী আজ ফরিদপুরে শান্তি নিবাস, মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসকেন্দ্র
(সেফ হোম), সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদ লুট করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের বদনাম করেছে। জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা) এর মাল্টি পারপাস হল, অপেক্ষালয় ও ডাইনিং কক্ষ উদ্বোধন করেন।

Related posts

Leave a Comment