হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু

hobigonj_mapডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের সঙ্করসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিনজনকে মাটিচাপা অবস্থায় পান স্থানীয় লোকজন।

নিহত দুজন হলেন কায়স্থগ্রাম এলাকার প্রয়াত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)।

আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, কয়েক দিন ধরে সঙ্করসেনা গ্রামের জয়নুল মিয়ার জন্য পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত তিনজনসহ আরো কয়েক ব্যক্তি। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মাটি কাটছিলেন তাঁরা। সকালে স্থানীয় লোকজন তাঁদের মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ এখনো উদ্ধার করা হয়নি।

নবীগঞ্জের বোকলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

 

 

মিতু/বিবি নিউজ/১৪৪

Related posts

Leave a Comment