হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের অসুস্থ রাজা ভূমিবল আদুলিয়াদেজের মেরুদন্ড ও মস্তিষ্ক থেকে অতিরিক্ত তরল পদার্থ অপসারণ করেছেন চিকিৎসকরা।
রাজা আদুলিয়াদেজ (৮৮) জনসাধারণের কাছে অত্যন্ত শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। তার ভগ্নস্বাস্থ্য জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি নানা স্বাস্থ্যগত সমস্যার কারণে গত দুই বছরের বেশিরভাগ সময় হাসপাতালে কাটিয়েছেন। এ সময়ে তিনি খুব কমই প্রকাশ্যে এসেছেন এবং বিবৃতি দিয়েছেন।
রয়েল হাউজহোল্ড ব্যুরো শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, চিকিৎসকরা অতিরিক্ত তরল পদার্থ অপসারণ করতে একটি টিউব বসিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষায় তার মুখের পেশীর অনিয়মিত মুভমেন্ট ধরা পড়ে। এরপর চিকিৎসকরা কম্পিউটার চালিত এক্স-রে করে তার মেরুদন্ড ও মস্তিষ্কে অতিরিক্ত তরল দেখতে পান।
বিবৃতিতে আরো বলা হয়, রাজকীয় চিকিৎসকদের একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে রাজার তলপেট দিয়ে একটি টিউব ঢুকিয়ে ওই তরল পদার্থ বের করে আনেন।
দিয়া ইসলাম / ৩১৮
