বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত


শামীম,সাভার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর আয়োজনে এবং সহযোগী সংগঠন আইইডি, জেটনেট বিডি ও জনউদ্যোগের সহযোগিতায় সাভার থানা স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে ঢাকার সাভারে অনুষ্ঠিত এ মানববন্ধনে পরিবেশ রক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, টিআইবি-সনাক সদস্য বীরমুক্তিযোদ্ধা সোমেন্দ্র লাল আচার্য্য,সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, টিআইবি-সনাক সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের শাহীন, শীল্ডের নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ,বিডিসাস এর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম খোকন, ইয়াং উইমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইডাব্লিউসিএ )এর সাভারের সভাপতি এনজেলা সুইটি, শরীয়তপুর জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাহমুদুল হাসান, ইয়েস সদস্য তানজিলা ইসলাম জান্নাত এবং দেশীয় সমৃদ্ধি জনকল্যাণ সংস্থার সভাপতি ইয়াসিন আলিফ প্রমুখ।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানার বর্জ্য, নদী দখল এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নদী রক্ষা এবং সবুজায়নের বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন”র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Related posts

Leave a Comment