২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা সবকিছুই খোলা রয়েছে। তবে বান্দরবান কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতি এর সড়কে যাত্রীবাহী বাস চলাচল গত দুদিন থেকে বন্ধ রেখেছে। তবে এই সড়কটিতে হালকা যানবাহন চলাচল করছে। যাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চরণে উঠেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা চলাচল করছে রাঙ্গামাটি বান্দরবান সড়কের বিভিন্ন জায়গায়। বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় জনমনে আতঙ্কাবস্থা বিরাজ করছে। জেলা শহরসহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক,রাঙ্গামাটি সড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ
