নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

৮ মে ২০২২(বিবিনিউজ ):বঙ্গোপসাগরের শেষ সীমানা আন্দামান দ্বীপের কাছে সৃষ্টি হওয়া লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আসানি’। এই নাম বিশ্ব আবহাওয়া সংস্থা ঠিক করে থাকে। গত বছর মে মাসেও বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। অবশ্য এটি চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে তা আরও দুদিন পর বলা যাবে।

নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গত রাতে বলেন, নিম্নচাপটি রোববার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এটি বাংলাদেশ, মিয়ানমার না ভারতের উপকূলের দিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পক্ষ থেকেও বলা হয়েছে, নিম্নচাপটি দেশটির অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংস্থা নাসা ও জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে আঘাত করলে তা খুবই দুর্বল হয়ে যাবে। কারণ, ভারতের ওই দুই উপকূলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এখন সবচেয়ে কম। সমুদ্রের যে অংশ দিয়ে ঘূর্ণিঝড় যায় সেখানকার তাপমাত্রা কম থাকলে ঝড়ের গতি কমে যায়। তাপমাত্রা বেশি থাকলে ঝড় শক্তি অর্জন করে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ঘূর্ণিঝড় গবেষক মোস্তফা কামাল বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে তা আরও দুদিন পর বলা যাবে।

Related posts

Leave a Comment