প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদ ভবনের কথিত প্রেস সেক্রেটারীর পরিচয় দিয়ে এক প্রতারক ও তার সহযোগী বিভিন্ন দপ্তরে চাকরী দেবার নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় সংসদ ভবনের ভেতরে নিয়ে এ ধরনের প্রতারনা করা হয়েছে বলে প্রমান পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, জনৈক আশিষ চৌধুরী নিজেকে জাতীয় সংসদ ভবনের প্রেস সেক্রেটারী পরিচয় দিয়ে টাঙ্গাইল, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের চাকরী দেয়ার চুক্তি নেন। জাতীয় সংসদ ভবন, গণভবন, বাংলাদেশ ব্যাংক, সেনা বাহিনী, পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরী দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রায় অর্ধশত লোকের কাছ থেকে কৌশলে আত্মসাৎ করেন প্রায় দুই কোটি টাকা। এসব লোকজন তাদের সর্বস্ব বিক্রি করে এবং ঋন করে আশিষকে টাকা দিয়ে এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব কাজে আশিষকে সহযোগীতা করেছেন মাগুরার নাসির নামে আরেক প্রতারক ও সন্ত্রাসী।
আশিষ ও নাসিরের দালাল টাঙ্গাইলের নজরুল ইসলাম জানান, তার মাধ্যমেই প্রায় বিশজন লোকের কাছ থেকে এক কোটি টাকা দেয়া হয়েছে তাদের। আশিষ ও নাসির নিজেদের সংসদ ভবন, গণভবনের লোক পরিচয় দিয়ে ভুক্তভোগীদের সংসদ ভবনের পাশ দিয়ে ভেতরে নিয়ে যান। গণভবন ও বাংলাদেশ ব্যাংকেও নিয়ে গেছেন অনেককে। সংসদ ভবনের অভ্যন্তরেই আশিষ প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীরা এখন এই চক্রের কাছে পাওনা টাকা চেয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। আশিষ ও নাসির তাদের মেরে ফেলার হুমকীও দিয়েছে বলে জানান মানবাধিকার কর্মী আবুল বাশার। তিনি এব্যাপারে মধ্যস্থতাও করেছেন। কিন্তু কোন লাভ হয়নি।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আশিষ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, আমার ভুল হয়েছে। আমার কোন ক্ষতি করবেন না। আপনি বড় ভাই হিসেবে আমার বিচার করেন।
পরিশেষে আশিষ এ প্রতারনার সাথে জড়িত বলে স্বীকার করেন।
জাতীয় সংসদ ভবনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় চার বছর আগে এ ধরনের একটি প্রতারক চক্র ধরা হয়েছিল যারা সংসদ ভবনকে ব্যবহার করে প্রতারনা করতো। আশিষ নামে জাতীয় সংসদ ভবনে একজন স্ট্যানো পদে চাকরী করেন বলেও তিনি জানান।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় ভূক্তভোগীরা।
বিস্তারিত অনুসন্ধান ভিডিওসহ পরবর্তী পর্বে প্রকাশ হবে। চোখ রাখুন-
