ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, রহরমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে একটি গরু কিনে আনেন। আজ মঙ্গলবার সকালে সেই গরু স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হন। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে ক্যাম্পে গরুটি নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে যাদুরানী বাজারের উদ্দেশে আসা দুজন পথচারী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতরা হলেন— উপজেলার রহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব উদ্দীন (২৫) ও একই গ্রামের জাহির উদ্দীনের ছেলে সাদেক আলী (৪০)। আহতরা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন।
