ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):আশুলিয়ার বাইপাইলে লেবার সরদারের কাছে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় হামলায় লেবার সরদারসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার বাইপাইল হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের কাঁচামালের আড়তের ঘটনা।
অভিযোগকারী তোফাজ্জল হোসেনের দাবি, তাঁর ভাই দীর্ঘ ২৫ বছর ওই এলাকায় লেবার সরদার ছিলেন। প্রায় ৫০ দিন আগে তাঁর মৃত্যুর পর তোফাজ্জল দায়িত্ব নেন। এরপর থেকেই কয়েকজন ব্যক্তি প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
গত ৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে অভিযুক্তরা আড়তের সামনে এসে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দা, রড ও লাঠি দিয়ে তোফাজ্জল ও শ্রমিকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
এতে সেলিম, কিরন, মতিউর, জিয়ারুল ও আরিফুল আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লেবার অফিসে থাকা ৪ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।
৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সেলিম ও মতিউরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করেন তোফাজ্জল হোসেন।
আশুলিয়ার বাইপাইলে চাঁদা না দেওয়ায় হামলায় পাঁচ শ্রমিক আহত
