সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে শেষ হলো তিন দিনব্যাপী ৫ম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতা-২০২৬। খুদে সাঁতারুদের এই লড়াইয়ে ২৭টি স্বর্ণ পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বিকেএসপি।তরুণ সাঁতারু তৈরির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে অংশ নেয় ৭০ জন খুদে অ্যাথলেট। ৩২টি ইভেন্টের লড়াই শেষে একক আধিপত্য ছিল স্বাগতিক বিকেএসপির। ২৭টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ পদকসহ মোট ১৪টি রৌপ্য ও ৭টি তাম্র পদক নিয়ে সেরা হয়েছে বিকেএসপি। অন্যদিকে, ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৮টি তা¤্র পদক নিয়ে রানার্সআপ হয়েছে কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব।

ব্যক্তিগত নৈপুণ্যে বালক বিভাগে বিকেএসপির বাপ্পি রহমান রোফি এবং আমলা সুইমিং ক্লাবের মোঃ আকাশ ৪টি করে স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে যৌথভাবে সেরা সাঁতারু হয়েছেন। এছাড়া বালিকা বিভাগে ৬টি স্বর্ণ জিতে সেরা সাঁতারুর পুরস্কার পেয়েছেন বিকেএসপির জারিন গওহার।

আজ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। তিনি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, এমন আয়োজন খুদে সাঁতারুদের অণুপ্রাণিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ের নতুন সাঁতারু অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফল আয়োজনের জন্য তিনি অংশগ্রহণকারী সব দল ও বিকেএসপির সাঁতার বিভাগকে ধন্যবাদ জানান। পুরস্কার বিতরনী সভায় আরো উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান প্রমূখ।
