ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : হাওরাঞ্চলের ছোট্ট শিশুদের গভীর মনোযোগ সহকারে পাঠদান করালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার। সোমবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হাওরাঞ্চলের অপেক্ষাকৃত দুর্গম দুটি বিদ্যালয়ে আকস্মিক উপস্থিত হয়ে পাঠদান করাতে থাকেন তিনি। স্কুলগুলো হচ্ছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রামপুর জালাল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপদেষ্টার এভাবে স্কুল পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখেছেন ছাত্র-শিক্ষকরা।
উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার দিরাই উপজেলার রামপুর জালাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে ২০ মিনিটেরও বেশি সময় পাঠদান করান। পরে তিনি শিশু শ্রেণি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কক্ষে গিয়ে ওদের সঙ্গে একান্তে কথা বলেন। এরপর তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। ওখানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চল্লিশ মিনিট পাঠদান করান।
রামপুর জালাল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারোয়ান জানালো, তিনি তাকে জিঞ্জেস করেছেন, এখন কয়টা বাজে, সে এর উত্তর দিতে পারে নি। রীমাত চৌধুরী নামের আরেক শিক্ষার্থীও বললো, তিনি নানা বিষয়ে জানতে চেয়েছেন।
তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তালহা বললো, তাদেরকে অংক করিয়েছেন, বাংলাও পড়িয়েছেন, ফুটবল নিয়েও কথা বলেছেন।
এর আগে প্রাথমিক ও গনশিক্ষা উপদেষ্টা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বন্যা আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান গণমাধ্যম কর্মীদের।
পরে উপদেষ্টা উন্নয়ন সংগঠক জামিল চৌধুরী’র উদ্যোগে প্রতিষ্ঠিত ফিমেল একাডেমিতে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং বিকেলে সুনামগঞ্জ শহরে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং সন্ধায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন।
