স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাতে উপজেলার গাঙ্গুিিটয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী জাকারিয়া (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ফরহাদ হোসেন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে। আটককৃত জাকারিয়া একই এলাকার বাসিন্দা।
জানা যায়, রাতে গাঙ্গুটিয়া বাজারে ফরহাদ ও মিজানুর রহমান বাবু এক সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে জাকারিয়া (২২) ও তার নেতৃত্বে অজ্ঞাত আরও ১০/১২ জন লোক হাতুড়ি নিয়ে মাটি ব্যবসায়ী মতিউর রহমানকে মারতে আসে। এ সময় ফরহাদ হোসেন থামাতে গেলে হাতুড়ির বাড়ি তার মাথার পেছনে লেগে তিনি মাটিতে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিউর রহমান ও জাকারিয়ার মধ্যে মাটির ব্যবসা নিয়ে পূর্বে থেকেই বিরোধ ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জাকারিয়া নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত ১
