ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলায় কেরামতের ইটভাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত।
রবিবার দিবাগত রাত একটার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে এ ঘটনা ঘটে। রাশেদের বাড়ি উপজেলার আবাদপুর উত্তরপাড়া গ্রামে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, পুলিশ রাতে আক্কেলপুর-তিলকপুর সড়কে টহল দিচ্ছিল। রাত একটার দিকে কেরামতের ইটভাটা এলাকায় টহল পুলিশের সিএনজিচালিত অটোরিকশাটিকে ডাকাতেরা আটকায়। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশে অটোরিকশাটি আটকানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে রাশেদ গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়।
ওসি সিরাজুল ইসলাম জানান, রাশেদ জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে আক্কেলপুরসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
মিতু/বিবি নিউজ/২৫৫
