ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এবং “জুলাই আপরাইজিং-রান ২০২৬ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার রানার অংশ নেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ সময় বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি।
বক্তারা বলেন,জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। যে কথাগুলো বলে বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজেদের সঙ্গেই আবার প্রতারণা করছে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, যুগে যুগে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বার্তা দিতেই এই আয়োজন।

জুলাই এবং আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে একটা বার্তা দেয়ার জন্যই মূলত আমাদের আজকে এই আয়োজন।” জাবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এই মিনি ম্যারাথন শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট ও রানিং কিট বিতরণ করা হয়।
