ষ্টাফ রিপোর্টার,৩ জুন ২০২৬(বিবিনিউজ):নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুই-ই ভালো থাকে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের লক্ষ্যও ঠিক তাই ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে দেশের তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা। এরই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াক্ষেত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারার বিনোদন ফিরিয়া আনতে ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২ (সাভার-কেরানীগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের নানামুখী ক্রীড়াবান্ধব ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। জিয়া পরিবার সর্বদাই খেলোয়ারদের কল্যাণে ও দেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে নিবেদিত। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াক্ষেত্র পেশাদারিত্বের এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
এ সময় মাদকবিরোধী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আমান উল্লাহ আমান বলেন, “বিগত সরকারের ১৭ বছরের শাসনামলে আমাদের এলাকা মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ এলাকায় মাদক সেবনকারী এবং বিক্রেতা যেই হোক, সে যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। এই সামাজিক আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। প্রতিটি পরিবার ভালো থাকলে, তবেই দেশ ভালো থাকবে।”
কেরানীগঞ্জ হযরতপুর শহীদ প্রেসিডেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে হযরতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আল-আমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
হযরতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বামনশুর ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাকুর্তা ইউনিয়ন একাদশ। ঈদ-পরবর্তী এই ফুটবল উৎসব উপভোগ করতে মাঠের চারপাশ জুড়ে বিপুল সংখ্যক পুরুষ ও নারী ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
