বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘন্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল ১০ থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

অপরদিকে জিরানী এলাকায় ডরিন গ্রুপের তিনটি কারখানা ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস ও ডরিন ওয়াশিং কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রমিকদের দাবি পূর্বঘোষণা ছাড়াই গতকাল সকালে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই কারখানা খুলে দেয়ার দাবি তাদের। সেই সাথে ১৩ জন অভিযুক্ত স্টাফকে বহিষ্কার ও শতাধিক ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহালের দাবিও রয়েছে তাদের। ওই কারখানায় ৫ হাজারের অধিক শ্রমিক রয়েছে।

শ্রমিকরা বলছে, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেয়ার দাবি আদায় না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না।

সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি রিকশা করে যাতায়াত করছেন। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। স্থানীয়রা সড়ক সচল করার দাবি জানিয়েছেন।

গেল বৃহস্পতিবার থেকে ওই সড়ক অবরোধ করে আন্দোলনে নামে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ পর্যন্ত লাগাতার সড়ক অবরোধ করছে তারা।

Related posts

Leave a Comment