
১১ মে, ২০১৯ (বিবিনিউজ) : সাব-সাহারান আফ্রিকা থেকে প্রায় ৭০ শরণার্থীবাহী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এতে তিন জনের প্রাণহাণি এবং আরো কয়েকজন নিখোঁজ হয়েছে।
শুক্রবার তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ওই ঘটনায় তিন জন ডুবে যায়। শুক্রবার তাদের লাশ পাওয়া গেছে। মন্ত্রণালয় আরো জানায়, বৃহস্পতিবার লিবিয়ার উত্তর-পমিশ্চমাঞ্চলীয় উপকূল জুয়ারা থেকে নৌকাটি রওয়ানা দেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেন, একটি মাছ ধরার নৌযান ১৬ শরণার্থীকে উদ্ধার করে। এদেরকে একটি সামরিক জাহাজে হস্তান্তর করা হয়। তল্লাশী ও উদ্ধার অভিযানে তিনটি সামরিক জাহাজ মোতায়েন রয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকাজে হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
জেকরি বলেন, উদ্ধারকারীরা সাব সাহারান আফ্রিকার অধিবাসি বলে জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোনিয়েন জাগ বলেন, ইতালিগামী নৌকাটিতে প্রায় ৭৫ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। নৌযানটি লিবিয়া থেকে রওয়ানা দিয়েছে।
রেড ক্রিসেন্ট জানায়, নৌযানটিতে হতভাগ্য ৯০ জনের মতো আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। সন্দেহটি সঠিক হলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
রেড ক্রিসেন্টের তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জার্জিস শাখার কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন, ‘সম্ভবত আমরা কখনোই এই ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা জানতে পারব না।’
ইতালির কট্টর ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি তার দেশের বন্দরগুলোকে শরণার্থীদের জন্য বন্ধ করে দেয়ার অঙ্গীকার করেছেন। যদিও শুক্রবার ভোরে যাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে সিসিলিতে নিয়ে যাওয়া হয়েছে।
রোমের বর্তমান সরকার শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ভূমধ্যসাগরে আবারও এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে তল্লাশী ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে।
