সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি-ঘর লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বন বিভাগের কর্মকর্তারা।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বিরুলিয়ার শ্যামপুর কুমারখোদা এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের কয়েক শতাংশ জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে দেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। বুধবার দুপুরে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা তাদের জমি উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয়। এসময় বন বিভাগের কর্মকর্তারা ওই বাড়ি লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে।
এসময় স্থানীয়রা দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। পরে বন বিভাগের কর্মকর্তারা তাদের জমি উদ্ধার করে বাড়ি ঘর ভেঙে দেন। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকার এক ব্যক্তিকে বন বিভাগের কর্মীরা আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণ করে দেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। তার বিনিময়ে তিনি তাদের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেন। এদিকে গত কয় দিন আগে বিরুলিয়ার সামাইর এলাকায় এক কানাডা প্রবাসীর জমিতে থাকা বিভিন্ন প্রকার গাছ কেটে ফেলেন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এলাকাবাসীর অভিযোগ ইউপি চেয়ারম্যান হওয়ার পরে সুজন বিরুলিয়ার বিভিন্ন গ্রামের মানুষকে নানাভাবে হয়রানি করছেন।
বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তারিকুল ইসলাম।
