বিকেএসপিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প


ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করার লক্ষ্যে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত উদীয়মান ক্ষুদে খেলোয়াড়রা অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন সরকারের যুগান্তকারী উদ্যোগের ফলে সারাদেশে খেলাধুলার প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে। “আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলগুলোকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।”
অনুষ্ঠানে বন্ধুপ্রতীম দেশ চীনের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ক্রীড়ার উন্নয়নে বর্তমান সরকার সবসময় উদীয়মান খেলোয়াড়দের পাশে রয়েছে। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, জনগণের ভালোবাসায় আজ তিনি এই দায়িত্বে এসেছেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ চীনা দূতাবাসের প্রতিনিধিরা।
উল্লেখ্য, দেশব্যাপী প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত তিনশতাধিক ক্ষুদে খেলোয়াড়কে নিয়ে এই আবাসিক ক্যাম্প পরিচালিত হচ্ছে, যা দেশের ক্রীড়াখাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।

Related posts

Leave a Comment