চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

২ মে, ২০২৬ (বিবিনিউজ) :বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকেরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে আসেন তাঁরা। পরে পাশের আরাকান সড়ক অবরোধ করেছেন।

অবরোধের কারণে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। এ ছাড়া সড়ক অবরোধের কারণে শিল্প এলাকার অন্যান্য কারখানার পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক ও কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই শ্রমিকদের বিক্ষোভ চলছে।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ বলেন, ‘আজিম গ্রুপের কারখানার মালিকপক্ষ বেতন ও ওভারটাইম বকেয়া রেখেছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। ২০২২ সাল থেকে এ সমস্যা চলে আসছে। এখন শ্রমিকেরা বিক্ষোভ করছেন।’ এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। তবে শ্রমিকপক্ষ বলছে, মালিকপক্ষকে ঘটনাস্থলে এসে কথা বলতে হবে। তারপর তাঁরা সড়ক থেকে সরবেন।’

Related posts

Leave a Comment