মধ্যরাতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের ডাকে ছুটে এলেন ৫ উপদেষ্টা


১৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের ডাকে মধ্যরাতে হাসপাতালের সামনে ছুটে এলেন পাঁচ উপদেষ্টা। যথাযথ চিকিৎসাসেবা দিতে না পারায় নিজেদের ভুল স্বীকার করে দায় নিলেন তারা। সেইসাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে রুপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টারা। আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালের বেডে ফিরে যান জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত বিক্ষুব্ধরা।

সুচিকিৎসা, পূনর্বাসনসহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতর ব্যক্তিরা। এসময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের।

বেলাশেষে সন্ধ্যার পর দাবি করা হয়, রাতের মধ্যেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে হবে চার উপদেষ্টাকে।

রাত আড়াইটার পর টাঙ্গাইল থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় সাথে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কিছু সময় পরে আহত বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসেন আরো দুই উপদেষ্টা। চিকিৎসাসেবা নিয়ে আহতদের এ আন্দোলনকে সংবেদনশীল মনে করে নিজেদের ভুল স্বীকার করেন তারা। দেন সমাধানের আশ্বাস।

হাসপাতাল সিন্ডিকেট জটিলতাসহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিত না হওয়ার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে রূপরেখার মাধ্যমে পুর্নবাসনসহ সমাধানের আশ্বাস দেন তারা।

পরে উপদেষ্টাদের আশ্বাস এবং অনুরোধে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারী দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।

Related posts

Leave a Comment