স্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সিআরপি তে অনুষ্ঠিত হয়ে গেলো সিআরপি বনাম ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচ উদ্বোধন করেন সিআরপির প্রতিষ্ঠাতা সিস্টার ভ্যালারি এ. টেলর। এসময় উপস্থিত ছিলেন সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর সোহরাব হোসেন। আরো উপস্থিত ছিলেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি – জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মো: হেদায়তুল আজিজ মুন্না, জাতিসংঘের ডিআরআর ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো: মানসুরুল হক, শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলাম সহ নানা গুণীজন। বুধবার, বিকেল ৩ টায় অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ার ক্রিকেটারদের দুর্দান্ত এ ক্রিকেট আয়োজন দেখতে ভিড় করে শত শত দর্শনার্থী। টি-১০ ফরম্যাটের এই খেলায় সিআরপি হুইলচেয়ার ক্রিকেট টিম টসে জিতে ব্যাটিং এ নেমে ৯ উইকেটে ৮৫ রান তুলতে সক্ষম হয়। অপরদিকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম, বাংলাদেশ- মাত্র ৫ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার অর্জন করেন ডিডিএফ টিমের তারেকুল ইসলাম সুমন।
সিআরপিতে অনুষ্ঠিত হলো সিআরপি বনাম ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ
