০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২০২৫-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালেও টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাংকিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদ্ সঙ্গে জড়িত সকলকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। উপাচার্য বলেন, গবেষণাখাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এবারের টাইম হায়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করে। এর মধ্যে ৮০১-১০০০তম অবস্থানে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করে।
আজ ০৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির অফসিয়াল ওয়বেসাইটে প্রকাশতি তালিকা প্রকাশ করা হয়। টিচিং, রিসার্চ এনভাইরোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র্যাংকিংয়ে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী স্টানফোর্ড ইউনিভার্সিটির একটি জরিপে বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পায়। বিজ্ঞানীদের গবেষণা কাজের উদ্ধৃতি সংখ্যার ভিত্তিতে এই তালিকায় স্থান দেওয়া হয়। উপাচার্য বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান লাভকারী শিক্ষক-গবেষকদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
