আশুলিয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর


স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): আশুলিয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবিএম আজাহারুল ইসলাম সুরুজের নির্বাচনী অফিসে এই অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কলতাসূতি এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস থেকে কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে চলে যান। এসময় অফিসে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিজস্ব পানির উৎস থেকে আগুন নেভায়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবিএম আজাহারুল ইসলাম সুরুজ অভিযোগ করেন, তার বিজয় সুনিশ্চিত থাকায় তার প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী বা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

এদিকে, নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান আশুলিয়া থানা পুলিশ। পরে তারা আলামত সংগ্রহ করেন। এবং এই ঘটনার সাথে জড়িতদের ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

Related posts

Leave a Comment