প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে বিএনপি নেতার কারাদণ্ড


২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কটূক্তি করায় এক বিএনপি নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামে তাঁর বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও তিন মাস দণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথা লেখেন। এ ঘটনার পরের দিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনের (সংশোধন-২০১৩) ৫৭ ধারায় একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আজ রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment