১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মামুন হোসেনের ওপর হামলার ঘটনায় এক শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সাজানো ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের মুন্সিরচর বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ফারুক হোসেন, সাবেক মেম্বার সোনা মিয়া, নিকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, স্থানীয় সমাজসেবক চান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দ্বিমুুখা গ্রামে ফুটবল খেলায় হেরে যাওয়া ও মারধরকে কেন্দ্র করে মুন্সিরচর গ্রামের শিক্ষক মোরসালিন হোসেনসহ ১২ জনের নামে মিথ্যা চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে ইউপি সদস্য মামুন হোসেন আদালতে মামলা করেছেন। আমরা মুন্সিরচর গ্রামবাসী তদন্ত করে এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
শিক্ষক মোরসালিন হোসেন বলেন, মামুন মেম্বারকে কোথায় কবে কে মারধর করেছে তা আমরা কিছুই জানিনা। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছে।
ইউপি সদস্য মামুন হোসেন বলেন, ফুটবল খেলা নয়, আমার ওয়ার্ডে সরকারি কাজ করায় আসামিরা আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ২৬ আগস্ট মনোহরপুর তিন রাস্তার মোড়ে আসামিরা আমার ওপর হামলা করে। পরে থানা পুলিশ মামলা না নেওয়ায় আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছি।
