
১১মে, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে দশ দিনের সরকারি সফর শেষ করে লন্ডন থেকে আজ সকালে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৫৫মিনিটে এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
১০ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান।
এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
