ডেস্ক রিপোর্ট: তুরস্কের একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন যাদের ১১ জনই ওই স্কুলের শিক্ষার্থী। মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনটি থেকে লাফ দিয়ে পড়ে কয়েকজন আহত হয়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেছেন, ‘এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে’। আদানার মেয়র হুসেইন সোজলু স্থানীয় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ‘নিহত ১১ জনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর একজন তাদের তত্ত্বাবধায়ক’। ছাত্রাবাসের তিন তলা ভবনটি আগুনে জ্বলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ওই আগুন নেভানোর চেষ্টা করছেন। ছাত্রাবাসটিতে ৩৪ শিক্ষার্থী থাকত বলে জানা গেছে। বৈদ্যুতিক লাইন ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিতু/বিবি নিউজ/৩৮০
