সাভারে বাসচাপায় রুবেল মিয়া (২১) নামে এক পোশাক শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহত গার্মেন্টস শ্রমিক দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি সাভারের ভাটপাড়া এলাকায় বসবাস করে আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস আয়রন ম্যান হিসেবে কাজ করতেন।
শনিবার সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমার ডাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ওই গার্মেন্টসের শ্রমিকরা।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আজকের জন্য সামিয়া গার্মেন্টস সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পুলিশ শ্রমিকবাহী বাসের চালককে আটক করেছে।
দিয়া ইসলাম / ২১১৩
