ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারের আমিনবাজারে মাদকবিরোধী মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও গ্রেফতারকৃত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মোঃ সাইফুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির নেতা আমিনবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোসেন আলী, আবিদ হোসেন, গ্রিন আমিনবাজার সমাজসেবা সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমিন বাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যাকান্ড অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আমিনবাজারে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ আমিনবাজার গড়তে তারা ঐক্যবদ্ধ। একই সঙ্গে পুলিশ সদস্য আলতাফ হোসেন হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
