ষ্টাফ রিপোর্টার,৫ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও পুরুষ বাসা ভাড়া নিয়েছিল। ঘরের দড়জা-জানালা সবসময় বন্ধ থাকত। গতরাতে ওই কক্ষ থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামতও সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি এসআই রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকান্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে বলেও জানান ওসি।
আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
