ষ্টাফ রিপোর্টার, ৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভার উপজেলার তিনটি ইউনিয়নকে কেটে কেরানীগঞ্জ উপজেলার সাথে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অংশ নেন।
প্রধান অভিযোগ ও বক্তব্য বিক্ষোভ সমাবেশে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। একটি বিশেষ মহল একটি ফরমে স্বাক্ষর নিয়ে সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।”

বক্তারা জোর দিয়ে বলেন, প্রশাসনিক ও নাগরিক সুবিধার স্বার্থে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা এই তিনটি ইউনিয়ন সবসময় সাভার উপজেলার সাথেই থাকতে চায়। জনমতের বিরুদ্ধে গিয়ে কোনোভাবেই এই ইউনিয়নগুলোকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করতে দেওয়া হবে না।
ভবিষ্যৎ কর্মসূচি ও উপস্থিতি নিয়ে সমাবেশ থেকে অবিলম্বে এই হীন ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় নেতারা।
তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ,বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ সরকার ,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া সাধারণ জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাভারের সাথে ইউনিয়নগুলোর অখণ্ডতা বজায় রাখার দাবি জানান।
