নাফ নদীতে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ


মোহাম্মদ সোহেল , কক্সবাজার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ): কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির সদস্যরা নাফ নদী ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা দ্রুতগতিতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির নৌ টহল দল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে নৌকাটি কেওড়া বাগানসংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকায় থাকা ব্যক্তিরা অন্ধকার ও ভারী বর্ষণের সুযোগ নিয়ে নৌকাটি ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত নৌকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নাফ নদীসহ দুর্গম সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মাদক পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

Leave a Comment