৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও দেশিয় অস্ত্র।
সকালে এ তথ্য জানায় আশুলিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল। রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসাবে চাকরী করতেন।
গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার রাহুল (৩০) ও হাবিব (৩৪), চিত্রশাইল এলাকার শাহ আলম (২৬) এবং ডেন্ডাবর এলাকার মহিউদ্দিন মহির (৩০)।
পুলিশ জানায়, আশুলিয়ায় বাইপাইল এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় শরিফ ও শহিদ নামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শরিফের হয়ে কাজ করতো ফয়সাল। এরই জের ধরে প্রতিপক্ষের রোষানলে পরে ফয়সাল। গত শনিবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারন উদঘাটন এবং আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় রাতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ হত্যাকান্ডের সাথে জড়িত বাকীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
সাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার ৪
