ষ্টাফ রিপোর্টার,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,”শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুন এবং আইনের মুখোমুখি হোন। তাহলে বুঝবো তিনি কেমন বাপের বেটি। আমরাও এটিই চাই।”
আজ বুধবার (২০ মে) ঢাকার সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, “উনি যেভাবে পালিয়ে গেছেন, এরপর তিনি কীভাবে দেশে ফিরবেন? দেশের মানুষও চায় উনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন।”

প্রকল্পের উদ্দেশ্য নিয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “শারীরিক, মানসিক ও খেলাধুলার প্রশিক্ষণসহ ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে চাই। দেশের প্রতিটি উপজেলা ও জেলা পর্যায় থেকেও প্রতিবন্ধী খেলোয়াড় গড়ে তোলা হচ্ছে। কিছু কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। বর্তমান সরকার প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতি বিশেষ নজর দিচ্ছে। এখানে যারা প্রশিক্ষণ নেবেন, তাদের শারীরিক ভাবে বিকশিত করার জন্য এই বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেন তারা অন্য সাধারণ ছেলে-মেয়েদের মতোই গড়ে উঠতে পারে। আশেপাশের দেশের চেয়েও এটি যেন উন্নত ও মানসম্মত হয়, সেই লক্ষ্যেই আজ টিমসহ পরিদর্শন করা হলো।”

বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। দুর্নীতি করে কেউ পার পাবে না। এই প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মামুন যদি কোনো দুর্নীতি করে থাকেন, তবে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, প্রকল্প পরিচালকের দুর্নীতির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে সেখানে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে পর্যালোচনা সভায় অংশ না নিয়ে দ্রুত নিজের গাড়ি চড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, প্রকৌশলী, প্রকল্প পরিচালক,সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
