শেখ এ কে আজাদ,সাভার ,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আজ (বুধবার) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘যুব সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীন মত প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান।

প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর যুবসমাজের মাধ্যমেই একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে আজ সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছেন।” তিনি তরুণদের দল-মত নির্বিশেষে স্বাধীনভাবে মত প্রকাশের পাশাপাশি সবসময় ন্যায়ের পক্ষে ও সৎ থাকার এবং যেকোনো ভুল ও অন্যায় কাজকে রুখে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও যুব কর্মসংস্থান প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) অত্যন্ত সময়োপযোগী বিষয় হিসেবে উল্লেখ করে তিনি যুবসমাজকে এর ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করার পরামর্শ দেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছরে সঠিক পরিকল্পনার অভাবে যুবখাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। তবে বর্তমান সরকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরিতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’-এর ব্যাপক চাহিদা রয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশ থেকে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বিশেষভাবে কাজ করে যাচ্ছে।তৃণমূলমুখী যুব কার্যক্রমের নির্দেশনা অনুষ্ঠানে যুব কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলমুখী করার লক্ষ্যে ‘যুব সমাবেশ’ কেবল ঢাকাকেন্দ্রিক না রেখে, তা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় ও জেলা পর্যায়ে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী।
বিশিষ্টজনদের উপস্থিতি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: মনোয়ার হোসেন। সমাবেশে যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শতাধিক যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
