২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ তুলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন।
এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।
গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে স্থানীয় সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।
ধামরাইয়ে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা
