স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে ২০ মিনিট পর অবরোধ তুলে নেন তাঁরা। অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে বিকেলে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যান তাঁরা।
সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, ‘জুলাই হত্যার খুনিরা বিভিন্নভাবে ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। যারা বহিরাহত এনে ক্যাম্পাসে হামলা চালাল, তাদের একজনও এখনো গ্রেপ্তার হয়নি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তাদের নিরাপত্তার ও মানবাধিকারের কথা চিন্তা করে সরকারের উচিত তাদের আইনের আওতায় আনা। অন্যথায় গণপিটুনির মতো ঘটনাগুলো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গণপিটুনিতে নিহত শামীম মোল্লা তাঁর জবানবন্দিতে ১৫ জুলাই হামলার ঘটনায় জড়িত একজন শিক্ষকের নাম বলে গেছেন। অথচ তাঁর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মহাসড়কে অবরোধ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার এলাকায় গুলিতে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবির, শহীদ শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী উপস্থিত ছিলেন।
গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাবির শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
