স্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে জমি লিখে না দেয়ায় আপন ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় নিহতের ভাই-ভাবী ও ভাতিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম উসামা আমিন (৫০)। আগের নাম ছিল নন্দ দুলাল সূত্রধর। ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের গাইয়াল গ্রামের অমূল্য সুত্রধরের ছেলে। তিনি ১৫ বছর আগে হিন্দু সম্প্রাদায় থেকে মুসলমান হয়েছেন। তিনি সাভার গণবিদ্যাপিট স্কুলে অফিস সহকারী হিসাবে কাজ করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-রবীন্দ্র সুত্রধর (৬১) পিতার নাম অমূল্য সুত্রধর, মিনতী সুত্রধর (৪৬) স্বামীর নাম রবীন্দ্র সুত্রধর, স্বরসতী সুত্রধর (১৮) পিতার নাম রবিন্দ্র সুত্রধর। এরা সবায় একই গ্রামের বাসিন্দা এবং নিহতের ভাই, ভাবী এবং ভাতিজী।
পুলিশ জানায়, উসামা আমিন (নন্দ দুলাল সুত্রধর) মুসলমান হন বাবা অমূল্য সুত্রধর মারা যাওয়ার পর। তিনি উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তি ১০৩ শতাংশ জায়গার মালিক হন। এর পর উসামা আরও ১৭ শতাংশ জমি নিজ নামে ক্রয় করেন। এতে মোট জমির পরিমাণ দাঁড়ায় ১২০ শতাংশ। কিন্তু উসামা আমিন চিরকুমার, বিয়ে করেননি।
এদিকে তার মা ও ভাই বোনেরা তাকে পরিবার থেকে বের করে দেয়। এজন্য পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল না। এই জন্য উসামা আমিন তার জমি কোনো ট্রাষ্টের নামে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। এ কথা এলাকায় জানাজানি হলে ভাইয়ের পরিবার সেটা সহজভাবে মেনে নিতে পারেনি। এরই জের ধরে গতকাল বিকেলে উসামা আমিন তার জমির সীমানায় বাঁশ দিয়ে বেড়া দিতে গেলে ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়।
বিষয়টি থানা পর্যন্ত গড়ায়, পুলিশ গিয়ে দুই পক্ষের শান্তি বজায় রাখার কথা বলে এবং বসে বিষয়টি মিমাংসা করার কথা বলে আসে। কিন্তু সন্ধ্যার দিকে চম্পারানী সুত্রধর সেই বাশেঁর বেড়া খুলতে গেলে উসামা আমিন বাধাঁ দিয়ে চম্পারানী সুত্রধরকে একটি চড় দেয়।
এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে রবীন্দ্র সুত্রধর, পবন সুত্রধর, নয়নতারা সুত্রধর, মিনতী সুত্রধর, স্বরসতী সুত্রধর মিলে উসামা আমিনকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উসামা আমিনকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই.) আশরাফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়াদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোন জবাকুশুম বাদি হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঢাকার ধামরাইয়ে জমি লিখে না দেয়ায় আপন ভাইকে পিটিয়ে হত্যা
