ধামরাইয়ে ইটভাটার আগুনে পুড়ে গেছে প্রায় ২০০ বিঘা জমির ধান

স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে ইটভাটার আগুনের তাপে প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে গেছে। এঘটনায় ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মানববন্ধন করেছেন। এসময় কৃষকদের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর সুষ্ঠু ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
সকালে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় চার বছর পূর্বে সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার কৃষি জমির উপর এমবিএন-২ ব্রিকস নামের ইটভাটা গড়ে তুলেছেন মুজাহিদ হোসেন নামের এক ব্যক্তি সেই ইটভাটার আগুনের তাপেই সোমভাগ ও ধামরাই ইউনিয়নের গুতুল, হাজীপাড়া, চন্দ্রপাড়া এবং ডেমরান এলাকার প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে গেছে।
সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার কৃষক আব্দুর রফিক জানান, আমার একটি জমি ৬০ শতাংশ ও আরেকটি জমি ৪৮ শতাংশ। দুটি জমিতেই ইরি ধান রোপণ করেছিলাম। কিন্তু ইটভাটার আগুনের কারণে আমার দুই জমির ধানই পুড়ে নষ্ট হইয়ে গেছে। এরকম শুধু আমার না প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে গেছে। একই এলাকার কৃষক রেজাউল করিম জানান, আমার তিনটি জমির মোট ১৫৬ শতাংশ জমিতে ধান চাষ করেছি। ধানের গাছ গুলা খুব সুন্দর হইছে ধানও বের হইছে কিছুদিন হয়। কিন্তু ইটভাটার আগুনের তাপের কারণে সব ধান পুরে গেছে।
এঘটনায় ধামরাই উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মানববন্ধন করার সময়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ উপজেলার অডিটোরিয়াম রুম থেকে বের হলে উপস্থিত কৃষকেরা তার কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। পরে বেনজীর আহমদ তখন তাদেরকে আশ্বাস দেন যে এর সুষ্ঠু ব্যবস্থা করা হবে।
এবিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এঘটনায় কৃষকদের অভিযোগ পাওয়ার পর, সেখানে পরিদর্শনে গিয়েছিলাম।
ক্ষতিগ্রস্ত সকল কৃষকই ক্ষতিপূরণ পাবে। ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের দ্বায়িত্ব দেয়া হয়েছে ইটভাটার মালিকের সাথে বসে যেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হয়।

Related posts

Leave a Comment