০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি যাত্রী পরিবহন বাস ডাম্পিং করা হয়েছে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ আদালত-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে বিআরটিএ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি যাত্রী পরিবহন বাসের রোড পারমিট না থাকায় বাসটি ডাম্পিং করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শাকিলা বিনতে মতিন আরও বলেন, ‘উল্টো পথে গাড়ি চালানো সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার অন্যতম কারণ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সড়কে শৃঙ্খলা ফেরাতে। আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের সচেতনতা বাড়াতে কার্যক্রম অব্যাহত রয়েছে।’
